সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্যামারের অনন্য উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও নিয়মিত নজর কেড়েছেন তিনি। এবার ফের আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের উপস্থিতির জানান দিতে প্রস্তুত এই বলিউড তারকা। প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া।
আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এই আয়োজন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লে দেফিলে’র এটি নবম আসর। বয়সের ছাপকে যেন হার মানিয়ে ঐশ্বরিয়ার সৌন্দর্য ও আত্মবিশ্বাস আজও ভক্তদের মুগ্ধ করে। তাই প্যারিসের মঞ্চে তার প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন। সব মিলিয়ে ‘লে দেফিলে’র মঞ্চে ঐশ্বরিয়ার উপস্থিতি যে বিশেষ আকর্ষণ তৈরি করবে, তা বলার অপেক্ষা রাখে না।
লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ফলে এবারের আয়োজনে তার উপস্থিতিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের মতে, র্যাম্পে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন আত্মবিশ্বাস, শক্তি ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হয়ে উঠবে। তবে শুধু ফ্যাশন শো নয়, এবারের আয়োজন ঘিরে থাকছে সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও।
ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে থাকবে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রঙ। এর মধ্যে বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই শেড। ফলে তার সাজসজ্জা ও লুক নিয়েও দর্শকদের আগ্রহ থাকছে আলাদা।
২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ এরই মধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। এবারের আসরেও আন্তর্জাতিক অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতি থাকছে। ঐশ্বরিয়ার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।
সব মিলিয়ে প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে। র্যাম্পে তার উপস্থিতি এবারও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা করে নজর কাড়বে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সান নিউজ/ রাব্বি
