চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। একই মামলার অন্য আসামিরা ইতোমধ্যে জামিনে রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যাংকের একাধিক তাগিদের পর বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। ২০২৫ সালের ১৯ নভেম্বর চেকটি এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের করপোরেট শাখায় জমা দিলে একই দিন ‘Insufficient Fund’ (অপর্যাপ্ত তহবিল) উল্লেখ করে তা ফেরত দেওয়া হয়।
পরে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের আহ্বান জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ করা হয়নি। এরপর এ ঘটনায় চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়।
সান নিউজ/ জামান
