শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের আগে সড়কে অবস্থান নেন তারা। এতে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দুপুর আড়াইটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে অবস্থান নিয়েছেন। একপর্যায়ে তারা সড়কের বিভিন্ন অংশে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একই সময়ে মোড়ের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
আন্দোলনরত এক পরীক্ষার্থী বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করার কথা ছিল। কিন্তু দাবি পূরণ না হওয়ায় তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাব্বির আহমেদ নামের সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছে। আমরা চাই সরকার আমাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক।
এর আগে গতকাল মঙ্গলবারও একই দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়, নীলক্ষেত, ঢাকা শিক্ষা বোর্ড এবং জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। পরে তারা ঘোষণা দেন, বুধবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করবেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
আমার বাঙলা/ রাব্বি
