ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী মাতৃত্বের অনুভূতি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে বিয়ের পর চলতি বছরের জুনে মা-বাবা হতে যাওয়ার সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা ও রাজ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম *পিংকভিলা*কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন অভিনেত্রী।
সামান্থা বলেন, “এটি আমার জীবনের একেবারে নতুন এবং দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। সত্যি বলতে, আমি বহু বছর ধরেই এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। আমি সবসময় একজন মা হতে চেয়েছি। তাই এই নতুন জীবনের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চাই।”
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সামান্থা অভিনীত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রথমবারের মতো তার বেবি বাম্প প্রকাশ্যে আসে। পরে তিনি গণমাধ্যমের কাছে মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেন।
গর্ভকালীন সময় তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে উল্লেখ করে সামান্থা বলেন, “আমি সবসময় জীবনের প্রতি আবেগপ্রবণ ছিলাম। তবে এখন নিজের ভেতরে নতুন এক শক্তি ও জীবনের নতুন উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। প্রতিদিন নতুন কিছু শিখছি, গভীর কৃতজ্ঞতা অনুভব করছি এবং সামনে যা-ই আসুক, তা আনন্দের সঙ্গে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করছি।”
উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে তাদের বিয়ে হলেও ২০২১ সালে বিচ্ছেদ ঘটে। অন্যদিকে নির্মাতা রাজ নিদিমোরুও এর আগে শ্যামলী দে-র সঙ্গে বিবাহিত ছিলেন।
সান নিউজ/ জামান
