কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, এবং ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এবং একই এলাকার মেসার্স চৌধুরী ব্রাদার্স এর প্রতিনিধি তারিকুজ্জামানকে এ জরিমানা করা হয়।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অবৈধভাবে সার মজুদ করায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ -এর ধারা ৮(১) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার শ্বশুরবাড়ির শয়নকক্ষে মজুদ থাকা ৫০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিসিআইসি ডিলারের মাধ্যমে পুনরাবৃত্তি ব্যতিরেকে প্রকৃত কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
তিনি আরও জানান, বিক্রয়লব্ধ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অপরদিকে মেসার্স চৌধুরী ব্রাদার্স এর প্রতিনিধি তারিকুজ্জামান নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রয় করায় তাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। এসময় উপস্থিত ছিলেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
সাননিউজ/বান্না
