গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের সুলভ মূল্যে চালের সুবিধা দিতে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস শ্রমিকরা যাতে কম দামে চাল কিনতে পারেন, সে লক্ষ্যেই ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম অব্যাহত থাকবে।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এ সেতু নির্মাণের পাশাপাশি যাতে রেল যোগাযোগের ব্যবস্থাও থাকে, সে বিষয়েও সরকারের পরিকল্পনা ও প্রচেষ্টা রয়েছে।
কৃষকদের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দীন।
এর আগে খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বেলুন ও পায়রা উড়িয়ে সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সাননিউজ/বান্না
