শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এছানুল হক মিলন।
তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে না; বরং তারা নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সৃজনশীলতা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠবে। একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো শিক্ষা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকই পারেন একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিক্ষার উন্নয়ন শুধু সরকারের একক দায়িত্ব নয়। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগেই একটি উন্নত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করে একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা। এ ক্ষেত্রে সবার গঠনমূলক পরামর্শ, সহযোগিতা ও অংশগ্রহণ শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী।
সাননিউজ/বান্না
