দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের প্রকাশ্য ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ শেষে সেখানেই ব্যালট গণনা করা হবে।
যেভাবে ভোট দেবেন এমপিরা
ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে। সংসদ কক্ষে প্রবেশের সময় প্রত্যেক সংসদ সদস্যকে সংসদ সচিবালয় থেকে দেওয়া পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
নিজ নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর সংবলিত ব্যালট পেপার নিতে হবে। এরপর ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।
ভোট দেওয়ার সময় ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখতে হবে। পরে ব্যালটটি সংসদ কক্ষে রাখা নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।
কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে না দিয়ে নির্বাচনকর্তার কাছে জমা দিতে হবে। এরপর নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
ভোটকক্ষে যেসব নিয়ম মানতে হবে
ভোটগ্রহণ চলাকালে সংসদ সদস্যরা কোনো ধরনের নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। ভোটকক্ষে বক্তব্য বা ভাষণ দেওয়ারও সুযোগ থাকবে না।
ভোট দেওয়ার সময় কোনো সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের সহায়তা নেওয়া যাবে।
ব্যালট পেপারে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা উল্লেখ থাকলেও সংসদ সদস্যদের স্বাক্ষরের পরিবর্তে সেখানে নিজের পূর্ণ নাম লিখতে হবে।
যেভাবে ভোট গণনা হবে
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। তবে নির্ধারিত সময়ের আগেই সব ভোট গ্রহণ শেষ হলে আগেই গণনা শুরু করা যেতে পারে।
প্রথমে কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, তা হিসাব করা হবে। এরপর বৈধ ও বাতিল ব্যালটের সংখ্যা নির্ধারণ করা হবে। পাশাপাশি অব্যবহৃত ব্যালটের হিসাবও করা হবে।
সবশেষে প্রতিটি প্রার্থী কতটি বৈধ ভোট পেয়েছেন, তা গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা।
পরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে।
কখন জানা যাবে ফল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। সংসদ ভবনের নির্ধারিত বুথে আসন নম্বর অনুযায়ী সংসদ সদস্যরা ভোট দেবেন। মোট ভোট রয়েছে ৩৪৯টি।
ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
সান নিউজ/জামান
