ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এ দুর্ঘটনায় পাঁচ নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
শনিবার (১৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সকালে রাজস্থানের কোটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, বাসটিতে ২৭ জন যাত্রী ছিলেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে সড়কের রেলিং ভেঙে বাসটি পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও কান্নার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে থাকা চারটি অ্যাম্বুলেন্সই কাজে লাগানো হয়।
কর্মকর্তারা জানান, নিহত আটজনের মধ্যে সাতজনকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।
আহত ১৭ জনকে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা কালেক্টর পীযূষ সামারিয়া ও পুলিশের আইজি হরেন্দ্র মাহাওয়ার এমবিএস হাসপাতালে যান। এ সময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
এক কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
সান নিউজ/ রাব্বি
