রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রামেক হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা যায়, বর্তমানে হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মৃত নারী ফারজানা খাতুন (২৩) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি এলাকার বাসিন্দা। তিনি গৃহিণী ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা ৫০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা ২২ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের নথিতে তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে।
সান নিউজ/ রাব্বি
