বিশ্বকাপ ফাইনালের মঞ্চে যখন লিওনেল মেসি প্রতিপক্ষ দলে, তখন তো ভাবনায় পড়াটা স্বাভাবিক। চলতি বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্টে দারুণ ফর্মে আর্জেন্টাইন এ অধিনায়ক। গত ম্যাচে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে গোলের পেছনে ছিলেন তিনি। তাই স্পেনের কড়া নজর থাকবে তার দিকে । ফাইনাল ম্যাচে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে এসব ভাবনার কথাই জানালেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার যুব দলে কোচিং করানোর দিনগুলো স্মরণ করে মেসি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন স্পেনের কোচ, ‘স্প্যানিশ কাপে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। মেসি নামের একটি ছেলেকে নিয়ে আমি অনেক ভালো কিছু শুনেছিলাম। তাকে শুরু থেকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। ৭০তম মিনিট পর্যন্ত স্কোর শূন্য ছিল। যখন তাকে মার্ক করা খেলোয়াড় লাল কার্ড দেখল, তারপর সে ১৫ মিনিটে চার গোল করেছিল। ফাইনালে তাকে কি আমরা মার্ক করব? না। কিন্তু আমরা তাকে কড়া নজরে রাখতে যাচ্ছি।’
সামাজিক গণমাধ্যমগুলোতে এই ম্যাচের আগে মেসির সঙ্গে স্পেনের কিশোর তারকা লামিনে ইয়ামালকে তুলনা করা হচ্ছে। কিন্তু দে লা ফুয়েন্তে এই কিংবদন্তির তুলনা টানতে চান না।
স্পেনের কোচ বললেন, ‘মেসি অদ্বিতীয়। সে এক বিশ্ব প্রতিভা।অবশ্যই সে তরুণ খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত। কিন্তু লামিনেকে লামিনে এর মতো থাকতে হবে। আমি মনে করি আমরা তাকে সেইভাবেই সমর্থন দিয়ে সাহায্য করতে পারি।’
সান নিউজ/ হুমায়রা
