সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই ও তার সঠিক অবস্থান জানতে সম্প্রতি সংস্থাটির কাছে একটি ই-মেইল চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের কার্যকারিতা ও সত্যতা যাচাইয়ের জন্যই ইন্টারপোলের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।
দুবাই থেকে কারামুক্তি ও সেন্ট লুসিয়া গমন
প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পান বেনজীর আহমেদ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। এর আগে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে দুই পক্ষের দীর্ঘ শুনানি হয়। জামিন পাওয়ার পর ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতার তদবিরের গুঞ্জনও সামনে আসে।
কারামুক্তির পর গত ১৭ আগস্ট দুবাই ত্যাগ করে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমান বেনজীর। কূটনৈতিক ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্প্যানসহ কয়েকটি দেশ পরিবর্তনের কথা ভাবলেও নিরাপত্তা ও সুযোগ-সুবিধার কথা চিন্তা করে শেষ পর্যন্ত সেন্ট লুসিয়াকেই বেছে নেন তিনি। দেশটির পাসপোর্ট থাকার পাশাপাশি সেখানে তার যৌথ ব্যবসা ও একটি ফ্ল্যাট রয়েছে বলেও জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা ও পরবর্তী পদক্ষেপ
এদিকে দুবাইয়ের আদালত থেকে বেনজীরের জামিন ও কারামুক্তির খবর পাওয়ার পরপরই নড়েচড়ে বসে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তখন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
মানবতাবিরোধী অপরাধের মামলার এই আসামির দেশত্যাগ ও বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হওয়ায় অবশেষে ইন্টারপোলের শরণাপন্ন হলো বাংলাদেশ পুলিশ। এখন আন্তর্জাতিক পুলিশ সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই বেনজীর আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আমার বাঙলা/ রাব্বি
