জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের (ইসি) বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নতুন ফি কাঠামোর তথ্য মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের জন্য প্রথমবার আবেদন করলে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী প্রতিটি আবেদনের জন্য ৪৬০ টাকা পরিশোধ করতে হবে।
অন্যদিকে, এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদন ফি ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী প্রতিটি আবেদনের জন্য ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
হারানো এনআইডি কার্ড পুনরায় উত্তোলনের সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী প্রতিটি আবেদনে ৫০০ টাকা ফি দিতে হবে। জরুরি সেবার ক্ষেত্রে প্রথমবার ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং এরপর প্রতিবার ১ হাজার টাকা দিতে হবে। এসব সেবার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
এ ছাড়া রাজনৈতিক দল নিবন্ধনের ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী দলিল-দস্তাবেজ পরিদর্শন বা কপি সংগ্রহের জন্য ১০০ টাকা, ভোটার তালিকার সার্টিফায়েড কপি পেতে ১০০ টাকা এবং ভোটার তালিকা পরিদর্শনের জন্য ৫০ টাকা ফি দিতে হবে। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহে প্রতিটি ইউনিয়ন, সিটি বা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই ও সরবরাহ সেবার ক্ষেত্রেও নতুন ফি নির্ধারণ করা হয়েছে। সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা, বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি ১ লাখ টাকা এবং প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য ২ টাকা দিতে হবে।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা রাখা হয়েছে। পাশাপাশি প্রথম ৭০ জন সাব-ইউজারের প্রত্যেকের জন্য ৪ হাজার টাকা এবং এর অতিরিক্ত প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিবার তথ্য যাচাইয়ের জন্য তাদের ৫ টাকা করে পরিশোধ করতে হবে।
সান নিউজ/ তালহা
