মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক পুনর্বাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মশালায় বিদেশ-ফেরত কর্মীদের পুনরেকত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্জিত দক্ষতার যথাযথ ব্যবহার, আর্থ-সামাজিক পুনর্বাসন এবং সরকারি-বেসরকারি সেবাসমূহ সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বিদেশ-ফেরত কর্মীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদেশ-ফেরত কর্মীদের কল্যাণে সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সান নিউজ/ জামান
