বিদেশি ওয়েবসাইট ‘ক্লোন’ (নকল) করে ভুয়া ওয়েবপেজ তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার জামালপুর সদর থানার স্টেশন রোড এলাকা থেকে তৌহিদ ভূঁইয়াকে (২১) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে একই এলাকা থেকে ওই চক্রের হোতা হৃদয় হাসানকে (২১) গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসের ‘উইথলোকালস’ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে একই নাম ও ডিজাইনে ভুয়া ওয়েবসাইট বানায়। পরে সেটি দিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিনিয়োগের নামে প্রতারণা করা হয়।
