বিশ্বকাপের মাঝেই ৩৯ বছরে পা রেখেছেন লিওনেল মেসি। চার বছর আগের তুলনায় শারীরিক সক্ষমতা ও মাঠে তার গতিশীলতা কিছুটা কমেছে—এর প্রমাণ মিলছে চলতি আসরে তার হাঁটার পরিমাণ বৃদ্ধি এবং স্প্রিন্টের সংখ্যা কমে যাওয়ার পরিসংখ্যানে। তবে বয়সের সঙ্গে খেলার ধরন বদলে অবিশ্বাস্য কার্যকারিতা ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।
২০২৬ বিশ্বকাপে মেসি ম্যাচে প্রভাব বিস্তারের এক নতুন কৌশল দেখাচ্ছেন। মাঠের বড় একটি সময় হেঁটে কাটালেও গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের সেরাটা দিয়ে প্রতিপক্ষকে ছাপিয়ে যাচ্ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেমিফাইনালের আগে বিবিসির প্রকাশিত পরিসংখ্যান বলছে, অভিজ্ঞ এই ফরোয়ার্ড কীভাবে শক্তি সঞ্চয় করে ম্যাচের নির্ধারক মুহূর্তগুলোতে বড় ভূমিকা রাখছেন।
দৌড়ের গতি কমলেও মেসির কার্যকারিতা কমেনি, বরং অনেক ক্ষেত্রে বেড়েছে। চলতি বিশ্বকাপে তিনি ৩৩টি শট নিয়েছেন এবং ২১টি গোলের সুযোগ তৈরি করেছেন। ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপে এটি সর্বোচ্চ সম্মিলিত পরিসংখ্যান।
পরিসংখ্যানই বলছে, আগের মতো বেশি দৌড় না দিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখছেন মেসি। খেলার গতি বোঝার ক্ষমতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে ওঠার দক্ষতাই এখন তার সবচেয়ে বড় শক্তি।
চলতি বিশ্বকাপেই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। এখন পর্যন্ত করেছেন ২১ গোল। তার নিকটদূরত্বে থাকা কিলিয়ান এমবাপে (২০) স্পেনের কাছে হেরে গতকাল দৌড় থামিয়েছেন। চলতি বিশ্বকাপে আট গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি।
শক্তি সঞ্চয়ের এই কৌশল মেসির দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি বিবর্তন মাত্র। বার্সেলোনায় ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন গতিময় উইঙ্গার। এরপর ‘ফলস নাইন’ ভূমিকায় খেলেছেন, আর এখন ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে অনেকটা গভীর থেকে খেলা তৈরি করা প্লেমেকারের ভূমিকা পালন করছেন। নিজের এই পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে সাবেক কোচ পেপ গার্দিওলাকে কৃতিত্ব দিয়েছেন এলএমটেন।
মেসি বলেন, ‘আগে আমি কৌশলগত বিষয়গুলো নিয়ে খুব একটা ভাবতাম না। কিন্তু পেপ গার্দিওলার অধীনে আমি অনেক কিছু শিখেছি। ফাঁকা জায়গা বোঝা, বলের দখল ধরে রাখা এবং আসলে ফুটবল কীভাবে কাজ করে এসব বুঝতে শুরু করি। ফুটবল অনেক বদলে গেছে। খেলার ধরন, পদ্ধতি সবকিছুই বদলেছে। এখনকার ফুটবল আগের চেয়ে অনেক বেশি কৌশলনির্ভর এবং শারীরিক। আগে মাঠে অনেক বেশি ফাঁকা জায়গা পাওয়া যেত।’
দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন মেসি। আজ (বুধবার) দিবাগত রাত ১টায় আটালান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এবার আর্জেন্টিনার লক্ষ্য ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ শিরোপা জয়। ইংলিশদের সামনে কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ মেসির সর্বশেষ ১৫টি বিশ্বকাপ ম্যাচে কেবল পোল্যান্ডই তাকে গোল বা অ্যাসিস্ট করতে বাধা দিতে পেরেছে।
আমার বাঙলা/ রাব্বি
