জুলাই অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর প্রথমবারের মতো এমন মন্তব্য করলেন তিনি।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়, সেটি তারা দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলা প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যা করা হতে পারে—এমন আশঙ্কাও রয়েছে। তবুও দেশে ফেরার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন না বলে জানান।
তিনি আরও বলেন, তার দলের নেতাকর্মীরা ব্যাপক দমন-পীড়নের শিকার হচ্ছেন। মৃত্যুর মুখোমুখি হলেও নিজের জন্মভূমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান উল্লেখ করে তিনি বলেন, তার বাবা-মা যেখানে শায়িত আছেন এবং যেখানে তাদের রক্ত ঝরেছে, সেই মাটিতেই তিনি থাকতে চান।
টানা কয়েক মেয়াদে প্রায় দুই দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়েন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগে গত বছরের নভেম্বরে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
সান নিউজ/ জামান
