গত রাতে (২২ জুন) আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর হুলিয়ান আলভারেজের মন্তব্য নতুন করে তার ট্রান্সফার গুঞ্জনকে উসকে দিয়েছে।
আর সেই বক্তব্য অ্যাতলেতিকো মাদ্রিদ মোটেও ভালোভাবে গ্রহণ করেনি। ক্লাবটি উল্টো বার্সেলোনার বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে এবং এমনকি ফিফার কাছে আইনি অভিযোগ দায়ের করার হুমকিও দিয়েছে।
বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগে হুলিয়ান আলভারেজকে পেতে অ্যাতলেটিকো মাদ্রিদকে দেড়শ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে দলে ভেড়াতে আগ্রহী রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। কিন্তু আলভারেজের ক্লাব অ্যাতলেটিকো কারো প্রস্তাবই গ্রহণ করতে রাজি নয়। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ খেলতে গিয়ে বোমা ফাটালেন খোদ আলভারেজ।
অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন আলভারেজ। আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত হওয়ার পর এই ফরোয়ার্ড বলেন, ‘সবার জন্যই সবচেয়ে ভালো হবে একটি ট্রান্সফার। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’
স্প্যানিশ দৈনিক এএস–এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটি ফিফার ক্রীড়া বিচার ব্যবস্থার দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে। তাদের অভিযোগ, বার্সেলোনা ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই আলভারেজের সঙ্গে যোগাযোগ করেছিল।
অ্যাতলেটিকোর অবস্থান অত্যন্ত কঠোর। পত্রিকাটি ক্লাব সূত্রের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘বার্সেলোনা কোনো অর্থের বিনিময়েই হুলিয়ানকে কিনতে পারবে না। তাকে বার্সেলোনায় বিক্রি করা হবে না। ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করো, না হলে কিছুই হবে না।’
তারা আরও দাবি করে, ‘সবাই জানে এটি একটি প্রতারক ক্লাব। কিন্তু এবার তারা এমন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে যারা তাদের ফাঁদে পা দেবে না।’
এই বক্তব্যে তারা অতীতের নেগ্রেইরা কেস এবং অন্যান্য ফুটবলারদের প্রলুব্ধ করার অভিযোগেরও ইঙ্গিত দেয়। এএস–এর প্রতিবেদনে অ্যাতলেটিকোর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘বার্সেলোনা বহুবার এভাবে কাজ করেছে। গত গ্রীষ্মেই নিকো উইলিয়ামসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। এটা তাদের কৌশলের অংশ।’
তাদের দাবি, সাম্প্রতিক সময়ে বার্সেলোনার ঘনিষ্ঠ মহলে এমন আলোচনা চলছিল যেখানে অনেকে পরিস্থিতি নিয়ে হাসাহাসিও করছিল। ‘তারা বলছিল, “এখন শুধু খেলোয়াড়ের মুখ থেকে কথাটা বের হওয়াই বাকি…”। আর তারপরই হুলিয়ান সেই মন্তব্য করল। যদিও সে বার্সেলোনার নাম উল্লেখ করেনি, কেন করেনি সেটাও আমরা জানি না।’
ফলে আলভারেজকে ঘিরে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। ক্লাবটির বার্তা পরিষ্কার, তারা তাদের আর্জেন্টাইন তারকাকে সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে ছাড়তে মোটেও রাজি নয়।
সান নিউজ/ জামান
