ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের বক্তব্য ও মন্তব্যের কারণেও আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিশা। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার ঘাটতি রয়েছে বলে তার মনে হয়। এমনকি সোনার গহনা পরে চলাফেরাকেও নিরাপদ মনে করেন না তিনি।
তানজিন তিশা বলেন, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। আমাদের দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
এদিকে দীর্ঘদিন ছোটপর্দায় অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে ওঠা তানজিন তিশা এবার বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। শাকিব খানের বিপরীতে তার অভিনীত ‘সোলজার’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
সান নিউজ/ রাব্বি
