সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের পর ট্রুডোর কাছ থেকে মানসিক স্বস্তি ও ভালোবাসা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন এই গায়িকা। এমনকি ট্রুডোকে নিজের জীবনের ভালোবাসা হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
‘ফায়ারওয়ার্ক’ ও ‘রোর’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী কেটি পেরি সম্প্রতি এক আলাপচারিতায় দীর্ঘস্থায়ী ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন। মিনিট মিররের এক প্রতিবেদন অনুযায়ী, জীবনে পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার বিষয়টি নিয়ে তিনি আগে তাঁর থেরাপিস্টের সঙ্গেও কথা বলেছেন। পেশাগত জীবনে অসংখ্য সাফল্য অর্জন করলেও ব্যক্তিগত জীবনে কোথাও একটা অপূর্ণতা অনুভব করতেন বলে জানান পেরি।
ট্রুডোর সঙ্গে সম্পর্ককে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন এই সংগীত তারকা। তাঁর কাছে ট্রুডো শুধু ভালোবাসার মানুষই নন, বরং মানসিক প্রশান্তি ও নির্ভরতারও প্রতীক। সংগীতজীবনের ব্যস্ততা, আন্তর্জাতিক সফর এবং নানা পেশাগত দায়িত্ব সামলে চলার ক্ষেত্রে একজন নির্ভরযোগ্য সঙ্গীর উপস্থিতি তাঁর কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না জাস্টিন ট্রুডো। তবে কেটি পেরির একাধিক সংগীতানুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে। এমনকি পেরির কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর, লাইভ ফ্রম প্যারিস’-এর প্রিমিয়ারেও গায়িকার সঙ্গে হাজির হয়েছিলেন তিনি।
২০২৫ সালের জুলাইয়ে কানাডার মন্ট্রিয়লে দুজনকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা যাওয়ার খবর প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তী মাসগুলোতেও তাঁদের ঘিরে আলোচনা অব্যাহত থাকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে পেরির ৪১তম জন্মদিনের কাছাকাছি সময়ে তাঁরা নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।
এরপর ২০২৬ সালের জুনে নিউইয়র্কের ট্রিবেকা উৎসবে পেরির কনসার্টভিত্তিক চলচ্চিত্রের প্রিমিয়ারে প্রথমবারের মতো লালগালিচায় একসঙ্গে উপস্থিত হন এই জুটি।
জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বাগদান হয়েছিল কেটি পেরির। তাঁদের ছয় বছর বয়সী মেয়ে ডেইজি রয়েছে। বিচ্ছেদের পরও মেয়েকে একসঙ্গে বড় করার দায়িত্ব পালন করছেন সাবেক এই যুগল।
পেরির সাম্প্রতিক বক্তব্যে তাঁর ব্যক্তিগত জীবনে ভালোবাসা, মানসিক স্বস্তি ও স্থিতিশীলতার গুরুত্ব আবারও সামনে এসেছে। পেশাগত সাফল্যের পাশাপাশি জীবনে একজন নির্ভরযোগ্য সঙ্গী পাওয়াকেও যে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তাঁর মন্তব্যে সেই ইঙ্গিতই মিলেছে।
সান নিউজ/ রাব্বি
