শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের মোহাম্মদ শামীম কায়সার লিংকনও জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত থাকতে দেখা যায়নি।
পুষ্পস্তবক অর্পণের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পর সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে।
সান নিউজ/ হুমায়রা
