টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। এর প্রভাবে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন।
তিনি জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বাড়ানো হয়েছে। বর্তমানে ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট এবং ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির স্তর কমে যাওয়ায় কিছুদিন আগে ২৪০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির উৎপাদন ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল। তবে পানির প্রবাহ আরও বাড়লে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।
সান নিউজ/ জামান
