চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে তার এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া কোনো পদক্ষেপ নয় বলে জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ও সংগীত পরিচালক আমাল মালিক। তার দাবি, বেশ কয়েক বছর ধরেই সিনেমার প্রচলিত প্লেব্যাক গানে আগ্রহ হারাচ্ছিলেন অরিজিৎ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের পেছনের কারণ ও প্রেক্ষাপট নিয়ে কথা বলেন আমাল মালিক। তার ভাষ্য, অরিজিতের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের কাছে এই ঘোষণা মোটেও অপ্রত্যাশিত ছিল না।
আমাল বলেন, গত দুই-তিন বছর ধরেই অরিজিতের প্রচলিত ধরনের সিনেমার গানে আগ্রহ কমতে দেখেছেন তারা। তার মতে, অরিজিতের ওপর কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি; বরং নিজের ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
হিন্দি চলচ্চিত্রে তারকাখ্যাতি কাজে লাগিয়ে গানকে জনপ্রিয় করার প্রবণতা নিয়েও কথা বলেন আমাল। তার মতে, অনেক সময় নির্মাতারা বিপুল অর্থ ব্যয় করে জনপ্রিয় শিল্পীদের দিয়ে গান গাওয়ান এবং ধরে নেন, অরিজিৎ গান গাইলেই সেটি সফল হবে।
তবে অরিজিৎ বুঝতে পেরেছিলেন, শুধু একজন জনপ্রিয় গায়কের নাম দিয়ে একটি গান দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। একটি গানকে শ্রোতাদের কাছে টেকসই করে তুলতে গায়ক, সুরকার ও গীতিকারের মধ্যে ভালো সমন্বয় ও রসায়ন প্রয়োজন বলে মনে করেন তিনি।
আমালের মতে, বিভিন্ন ভাষায় প্রায় ৭০০টি গান গাওয়ার পর একজন শিল্পীর নিজের কাজের প্রতি একঘেয়েমি বা ক্লান্তি আসা স্বাভাবিক। বিশেষ করে ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করেও সেখান থেকে সরে দাঁড়ানোর মতো সিদ্ধান্ত নেওয়ার সাহস সবার থাকে না।
এদিকে অরিজিতের সঙ্গে আসন্ন ‘আওয়ারাপন ২’ সিনেমাতেও কাজ করেছেন আমাল মালিক। প্লেব্যাক থেকে অরিজিতের সরে দাঁড়ানোর ঘোষণায় ভক্তদের মধ্যে হতাশা তৈরি হলেও তার ঘনিষ্ঠ সহকর্মীরা শিল্পীর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
সান নিউজ/ হুমায়রা
