সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জন।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় চারজন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।
এ সময় পরীক্ষার মাধ্যমে আরও ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭৩৫ জনে পৌঁছেছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।
সান নিউজ/ জামান
