জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া তার সম্মানে নিউইয়র্কে একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হবে।
সরকারি সূত্র ও যুক্তরাষ্ট্র বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। নিউইয়র্কের কর্মসূচি শেষে তিনি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকেই তার দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের মূল মিলনায়তনে সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের একই অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান ও সভাপতি—দুই গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক কূটনৈতিক গুরুত্ব তৈরি করবে।
এদিকে, দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সফরকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রস্তুতিও চলছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে। তবে এখনো সফরসূচি চূড়ান্ত হয়নি, তা নিয়ে কাজ চলছে।
উল্লেখ্য, সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে দুই দেশের সঙ্গে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এরপর কয়েকটি দেশের আমন্ত্রণ থাকলেও জাতিসংঘ অধিবেশনের আগে অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সান নিউজ/ হুমায়রা
