হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে সেখানে থাকা যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর জানান, আগুনের খবর পেয়ে ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলে যান। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। এ সময় লাউঞ্জে থাকা অনেকেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বলাকা লাউঞ্জের রান্নাঘরের একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের ঘটনায় সাময়িকভাবে বলাকা লাউঞ্জের যাত্রীসেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জ যাত্রীদের অপেক্ষা, বিশ্রাম, খাবার ও অন্যান্য সুবিধার জন্য ব্যবহৃত হয়ে থাকে।
সান নিউজ/ হুমায়রা
