জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ সাতজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানায় জিডি করলে রোববার (৫ জুলাই) শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন শনিবার রাতে এ অভিযোগ দায়ের করেন।
জিডিতে সোমা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস পিয়ার পাশাপাশি সাংবাদিক আনিস আলমগীর, সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল ও অভিনেত্রী তুষ্টি এবং মডেল মারিয়া কিসপট্টার নাম উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হয়ে বর্তমানে জামিনে থাকা সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলে জুলাই আন্দোলনকে ব্যাহত করতে বিভ্রান্তি ছড়ান।
জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের সহযোগী হিসেবে আন্দোলনকারী ও আহতদের কটাক্ষ করার অভিযোগ আনা হয়।
সোমা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলনকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং এর মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন।
মারিয়া কিসপট্টার বিরুদ্ধে জুলাইকে ‘সন্ত্রাসী আন্দোলন’ এবং মোমিন মেহেদীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপসহ শহীদ আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়।
সান নিউজ/ জামান
