তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণায় আমূল পরিবর্তন এসেছে। কেবল কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত বা স্থাপনা পাহারা দেওয়ার চেয়ে বর্তমান বাস্তবতায় সাইবার নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রচলিত গণ্ডি থেকে আনসার বাহিনীকে বের করে এনে আধুনিক ও সময়োপযোগী ভূমিকার দিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। তাঁর মতে, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুজব প্রতিরোধের পাশাপাশি নির্ভুল ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য একটি শক্তিশালী সম্পদ; তাই এর সঠিক ব্যবহার ও নির্ভুল প্রচার নিশ্চিত করা সবার দায়িত্ব।
সান নিউজ/ জামান
