রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের নেতা এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বলে পুলিশ জানিয়েছে ।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের পর মিজানুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি তাঁর মোবাইল ফোন তল্লাশিকরা হয়। এ সময় গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি তৈরি ও প্রকাশের পাশাপাশি বিভিন্ন উসকানিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি, পোস্টার ও কনটেন্ট পাওয়া যায়। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি সৃষ্টি, জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া মিজানুরের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় দণ্ডবিধি আইনে দুটি মামলা রয়েছে। ভুয়া ছবি ছড়ানোর ব্যাপারে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।
সাননিউজ/বান্না
