যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে চলমান অর্ধবার্ষিকী ও প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০২৬ পরিদর্শন করেছেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ।
বুধবার (১লা জুলাই ২০২৬ খ্রিঃ) বিদ্যালয়টি পরিদর্শনকালে তাঁর সাথে এক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের কৃতি সন্তান, বিশিষ্ট বিজ্ঞানী ড. মোঃ আব্দুল আজিজ (Lead Research Scientist, IRC for Hydrogen Technologies and Carbon Management – IRC-HTCM, King Fahd University of Petroleum & Minerals, Saudi Arabia)।
পরিদর্শনকালে বিশিষ্ট বিজ্ঞানী ড. আব্দুল আজিজ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে সরাসরি মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের চলমান পরীক্ষার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। আধুনিক বিজ্ঞানের নানা দিক তুলে ধরে তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় গভীরভাবে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেন।
আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করা নিজ অঞ্চলের একজন প্রথিতযশা বিজ্ঞানীকে এত কাছ থেকে পেয়ে এবং তাঁর মূল্যবান দিকনির্দেশনা শুনে কোমলমতি শিক্ষার্থীরা দারুণভাবে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পরিদর্শন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল পরিবেশ দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন।
সান নিউজ/ জামান
