সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই জয়ে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেওয়ার পাশাপাশি ক্লাবটির হয়ে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা।
শুক্রবার (২৯ আগস্ট) নিজেদের মাঠে আল তাউনকে আতিথ্য দেয় রিয়াদের ক্লাব আল নাসর।
ম্যাচের ৫০তম মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এর মধ্য দিয়ে ক্লাবটির হয়ে সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের মালিক বনে যান তিনি। এ পথে তিনি ছাড়িয়ে যান সৌদি ফরোয়ার্ড মোহাম্মদ আল-সাহলাওয়িকে।
২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ২০৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছিলেন আল-সাহলাওয়ি। এবার তাকে পেছনে ফেললেন রোনালদো।
তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল তাউন। ১১তম মিনিটে বাসাম মোহাম্মদের গোলে লিড নেয় সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে আল নাসর। সাদিও মানের অ্যাসিস্ট থেকে দারুণ এক ফিনিশে গোল করে দলকে ম্যাচে ফেরান মিডফিল্ডার স্যামু কস্তা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোর দল।
এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর। আগামী ৬ সেপ্টেম্বর লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আল-ইতিহাদের মুখোমুখি হবে দলটি।
আমার বাঙলা/ রাব্বি
