রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫৫টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৪৭ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৫৩ জন, গুলশানে ৪৯ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গোয়েন্দা বিভাগে ১০ জন এবং সিটিটিসির অভিযানে পাঁচজন রয়েছেন।
অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকি-টকি, একটি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম এবং নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
সান নিউজ/ জামান
