রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তিনি আরমান-শাহরুখ গ্রুপের অন্যতম সদস্য।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সম্প্রতি কেরানীগঞ্জে প্রকাশ্যে পাটালি গ্রুপের গ্যাং লিডার ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় করা মামলার আসামি আরমান। এছাড়া রায়েরবাজারে এলেক্স ইমন গ্রুপের ইমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মামলাতেও তিনি আসামি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, আরমানকে গ্রেপ্তারের সময় পাটালি গ্রুপের ফরহাদকে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ানবাজারে এসআরবির মিডিয়া সেন্টারে বিকেলে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সান নিউজ/ রাব্বি
