আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মাঠের এই অসম লড়াইয়ের আগে অবশ্য আলোচনার কেন্দ্রে লিওনেল মেসিকে ঘিরে কেপ ভার্দের অকৃত্রিম ভালোবাসা। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস ঘোষণা দিয়েছেন, আর্জেন্টাইন মহাতারকাকে কেপ ভার্দে জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দিতে চান তিনি।
প্রথম বিশ্বকাপে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এটি কেবল একটি অর্জন নয়, বরং এক অবিশ্বাস্য রূপকথা। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউট পর্বে ওঠা আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম।
আর্জেন্টিনার রেডিও স্টেশন রেডিও সুপার দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মেসিকে সম্মান জানাতে জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
সান নিউজ/ জামান
