নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পৃথক দুই অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১ মার্চ) পরিচালিত এসব অভিযানে মাদক সেবনকালে হাতেনাতে আটক হন রিফাত ও জয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপরাধ স্বীকার করায় রিফাতকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জয় বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এই দণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। এ সময় সার্বিক সহযোগিতা করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম এবং থানা পুলিশের সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও জোরদার ও অব্যাহত থাকবে।
