নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণ ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের পুস্তি বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো যুব ও নারীদের জীবনকে প্রভাবিত করে এমন ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।
আলোচনা সভায় জেন্ডার স্টেরিওটাইপ, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, নারীর অধিকার এবং সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা ও নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিনসহ সংগঠনের সদস্য ফরহাদ, জিয়ারুল ও মিরাজ অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সমতাভিত্তিক সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আয়োজকরা মনে করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে।
সাননিউজ/বান্না
