ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না করেই ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। সেখানেই জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৬ বছরের যাত্রার সমাপ্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি।
জাতীয় দলকে বিদায় জানিয়ে নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”
২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। দেশের জার্সিতে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। ১৩০ ম্যাচে তিনি করেছেন ৮০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৯টি গোল।
বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জয়ের আক্ষেপ নিয়েই জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হারের পর থেকেই তার অবসরের গুঞ্জন জোরালো হয়। মেটলাইফ স্টেডিয়ামের সেই ম্যাচে কান্নায় ভেঙে পড়েছিলেন এই তারকা। শেষ পর্যন্ত সেটিই হয়ে থাকল ব্রাজিলের জার্সিতে তার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
জাতীয় দল থেকে অবসরের পর নেইমারের সম্পূর্ণ মনোযোগ এখন ক্লাব ফুটবলে। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ ইকুয়েডরের মাকারা।
এদিকে সম্প্রতি তরুণ সতীর্থদের অপমান করার যে গুঞ্জন উঠেছিল, তা দৃঢ়ভাবে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি জানান, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে কেবল গঠনমূলক কথা বলেছেন, যা নিয়ে সংবাদমাধ্যমে মনগড়া খবর ছড়ানো হয়েছে।
সান নিউজ/ রাব্বি
