টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় ডালিয়া পানি পরিমাপক কেন্দ্রে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমার মাত্রা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল।
পানি বৃদ্ধির কারণে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বুধবার সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কমে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।
সান নিউজ/ জামান
