আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। দেবী দুর্গাকে বিদায় জানাতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে শেষ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা।
সকালে বিভিন্ন মণ্ডপে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের আয়োজন করা হয়েছে। ভক্তরা দেবীর চরণে শেষ অঞ্জলি নিবেদন করে বিদায় জানাচ্ছেন। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। উৎসবের আনন্দের পাশাপাশি ভক্তদের মনে বিরাজ করছে বিদায়ের বিষাদ।
দশমীর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সিঁদুর খেলা ও অন্যান্য ধর্মীয় রীতি পালনের পর দুপুর থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের আয়োজন। প্রতিমা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে ভক্তরা যাবেন নির্ধারিত বিসর্জন ঘাটে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
দশমীর সব আয়োজন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। নির্ধারিত সময় পর্যন্ত বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় উৎসব।
প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গা নৌকায় চড়ে কৈলাসে ফিরে যাবেন। দেবীর বিদায়ের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও ভক্তদের মনে থেকে যাবে আগামী বছরের দুর্গোৎসবের অপেক্ষা।
সান নিউজ/ রাব্বি
