বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে। বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, শুধু ঘরবাড়িই নয়, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি এবং গবাদিপশুর মালিকদের জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবানের বালাঘাটা এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। দুর্গত এলাকায় নিয়মিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় সহায়তা পৌঁছানো হচ্ছে। তবে সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকবে না, বন্যায় যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে।
এদিকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বান্দরবান স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ রাব্বি
