পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ধামগড় মালামত এলাকায় অভিযান পরিচালনা করে বন্দর থানা পুলিশের একটি বিশেষ টিম। অভিযানের একপর্যায়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, গ্রেফতার হওয়া ওমর ফারুক ধামগড় এলাকার কথিত ডাকাত সর্দার মামুনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মারামারি এবং অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ওমর ফারুককে গ্রেফতারের মাধ্যমে এলাকায় সক্রিয় অপরাধী চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বন্দর থানা পুলিশ আরও জানিয়েছে, পলাতক ডাকাত চক্রের প্রধান মামুনসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমার বাঙলা/ রাব্বি
