শনিবার (৪ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহাবুব ব্যাপারী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহাবুব ব্যাপারী ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হঠাৎ মাহাবুব নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আরও ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’
আমার বাঙলা/ রাব্বি
