ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির দাবি, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস। বিশেষ করে ক্ষমতা দখলের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী এখন ‘অতিমাত্রায় মরিয়া’ হয়ে উঠেছেন বলেও আক্রমণ করেছে দলটি।
সম্প্রতি দিল্লির রাজপথে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতাদের সঙ্গে পুলিশের হাতাহাতির বেশ কিছু ভিডিও প্রকাশ্যে আসে। এর পরেই বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি সংবাদমাধ্যমে এই অভিযোগ করেন। একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি বলেন, বিরোধী দলগুলোর মূল কৌশলই হলো দেশের ভেতরে বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা।
উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা।
এর অংশ হিসেবে সম্প্রতি বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে একটি ‘পিপলস ট্রাইব্যুনাল’ অনুষ্ঠিত হয়, যেখানে জেন-জিদের গড়া নতুন রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং প্রভাবশালী ইউটিউবার ধ্রুব রাঠী অংশ নেন।
সিজেপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন দলটির নেতারা। দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি না দেওয়ায় এবং মধ্য দিল্লিতে বিক্ষোভের সময় সহিংসতার ঘটনা ঘটায় ইতিমধ্যে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে পুলিশ।
এদিকে, এই পুরো পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। বেঙ্গালুরুর ওই ট্রাইব্যুনালে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন রটছে যে তিনি সরকার বদলাতে মাঠে নেমেছেন। তবে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী হয়তো ভাবছেন তার একার সঙ্গেই কেবল তার সমস্যা, কিন্তু আসল সত্য হলো গোটা দেশবাসীই এখন বর্তমান সরকারের নীতি নিয়ে বড় বিপদের মুখে রয়েছে।
ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধীদের এই আন্দোলন এবং বিজেপির পাল্টা হুমকির জেরে ভারতীয় রাজনীতিতে উত্তাপ এখন চরমে।
সান নিউজ / রাজীব
