নীলফামারীর ডোমারে প্রি-পেইড মিটার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ডোমার শহরের বাটার মোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইউবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন, অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ ও ইলেকট্রিশিয়ান নুরুজ্জামান বাবলা।
সমাবেশে বক্তারা বলেন, প্রি-পেইড মিটারের কারণে গ্রাহকদের নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অস্বাভাবিক ও ‘ভুতুড়ে’ বিল নেওয়া হচ্ছে। জনস্বার্থে দ্রুত এসব মিটার পরিবর্তন করতে হবে।
মাহফুজ হোসেন বলেন, “জনস্বার্থবিরোধী ও হয়রানিমূলক প্রি-পেইড মিটার বন্ধ করতে হবে। পাশাপাশি ডিমান্ড ও সার্ভিস চার্জ বাতিল করতে হবে। এই মিটার ব্যবস্থা গ্রাহকদের জন্য দুর্ভোগ ছাড়া কিছুই নয়।”
সভাপতির বক্তব্যে গোলাম কুদ্দুস আইউব বলেন, “সরকারি চাকরিজীবীরা আগে শ্রম দেন, পরে বেতন পান। অথচ বিদ্যুতের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আগেই টাকা নেওয়া হচ্ছে। এতে বৈষম্য তৈরি হচ্ছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের ৩১টি প্রকল্প বাতিল করেছে বর্তমান সরকার। আমরা দাবি জানাই, প্রি-পেইড মিটারের প্রকল্পটিও বাতিল করতে হবে।”
সমাবেশে বক্তারা প্রি-পেইড মিটার পরিবর্তন, ডিমান্ড ও সার্ভিস চার্জ বাতিলসহ গ্রাহক হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আমার বাঙলা/ রাব্বি
