বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। তবে জমকালো আয়োজন নয়, বরং সীমিত পরিসরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এতে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি আমন্ত্রিত থাকবেন।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই বিয়েতে উপস্থিত থাকতে পারেন আমিরের দুই সাবেক স্ত্রীও। পাশাপাশি থাকবেন তার তিন সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা। অতিথি তালিকায় বলিউডের কিছু পরিচিত নির্মাতার নামও শোনা যাচ্ছে, যার মধ্যে রয়েছেন আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষী।
অন্যদিকে, শাহরুখ খান ও সালমান খানের উপস্থিতি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, মূল অনুষ্ঠান শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।
জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দিনের প্রথম ভাগেই শেষ করা হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। হবু দম্পতি নিজেরাই পছন্দ অনুযায়ী খাবারের তালিকা নির্ধারণ করেছেন, যদিও সেই মেনু এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের মার্চে নিজের জন্মদিনে গৌরী স্প্র্যাটকে সবার সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনে পা রাখতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।
