শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে হাঙ্গেরির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে ছিলেন দিল্লিস্থ হাঙ্গেরি দূতাবাসের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কাউন্সেলর ড. ডায়ানা ডাচি এবং বাংলাদেশে হাঙ্গেরির কনস্যুলেট অফিসের চিফ অব স্টাফ মো. সুলতানুল আরেফিন।
সাক্ষাৎকালে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় ড. ডায়ানা ডাচি জানান, হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যায় পর্যন্ত ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে। এসব বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬৬০টিরও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরে বলেন, বিজ্ঞান, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, গবেষণাপত্র প্রকাশ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও ওয়েবিনার আয়োজনের মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা যেতে পারে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাশাপাশি অনুষদ ও বিভাগ পর্যায়েও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
ড. ডায়ানা ডাচি এ বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে বলেন, হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ স্থাপন ও সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে তিনি সংযোগকারী হিসেবে কাজ করতে আগ্রহী।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সাননিউজ/বান্না
