ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের বিষয়ে সচেতন করা হয়।
এ সময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী, এনডিসি উবায়দুর রহমান সাহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
সাননিউজ/বান্না
