পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পদের নাম পরিবর্তন, পদোন্নতি এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংকের ঝালকাঠি সদর উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা একই পদে চাকরি করছেন। পদের নাম পরিবর্তন ও পদোন্নতির সুযোগ না থাকায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এতে কর্মস্পৃহা কমে যাওয়ার পাশাপাশি ব্যাংকের সুশাসন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থার অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বক্তারা আরও বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক ২০১৪ সালের পল্লী সঞ্চয় ব্যাংক আইন অনুযায়ী প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। সাবেক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত এ ব্যাংক বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ ব্যাংকে প্রায় ১১ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
তারা জানান, দীর্ঘদিনের দাবি ও কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩তম বোর্ড সভায় পদের নাম পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করে ২০২৪ সালের ১৩ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। পরবর্তী সময়ে জনবল কাঠামো ঠিক রেখে পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৩৯তম বোর্ড সভায় সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদনের প্রস্তাব গ্রহণ করে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়।
বক্তারা অভিযোগ করেন, সাংগঠনিক কাঠামো অনুমোদনের বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একাধিকবার আলোচনা ও বৈঠক হলেও এখন পর্যন্ত তা চূড়ান্ত অনুমোদন পায়নি। এতে দীর্ঘদিন ধরে পদোন্নতির প্রত্যাশায় থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে পদের নাম পরিবর্তন ও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
সাননিউজ/বান্না
