জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার নারী। মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক তৌহিদ হোসেন এবং এক নারী যাত্রী নিহত হন।
নিহত তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলায়। নিহত অপর নারীও একই উপজেলার বীরনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তবে রাত পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনায় আহত চার নারীকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনির। আহত অপর নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আমার বাঙলা/ রাব্বি
