চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার। নোটিশে অভিযোগ করা হয়েছে, চুক্তির শর্ত যথাযথভাবে অনুসরণ না করা এবং শুটিংয়ের নির্ধারিত শিডিউল পালন না করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এ কারণে নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এ বিষয়ে শরিফুল রাজ বলেন, কখনো পারিশ্রমিক, আবার কখনো শিডিউল নিয়ে অভিযোগ তোলা হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান টাকা চাইলে তা দিতে তিনি প্রস্তুত। একইভাবে শিডিউল চাইলে সেটিও দিতে রাজি আছেন। রাজের দাবি, তিনি সব সময় কাজের প্রতি দায়িত্বশীল ছিলেন এবং সিনেমাটির কাজ নিয়ে তাঁর কোনো আপত্তি নেই।
ঈদে ‘ঠিকানা’ সিনেমা মুক্তি এবং অন্য সিনেমায় অভিনয়ের বিষয়ে রাজ বলেন, তাঁদের চুক্তিতে অন্য কোনো সিনেমায় কাজ করা যাবে না—এমন কোনো শর্ত ছিল না। আইনি নোটিশে সিনেমাটি ঈদের পর মুক্তির কথা উল্লেখ করা হয়েছে। ফলে অন্য সিনেমায় কাজ করার বিষয়ে আপত্তির কারণ বুঝতে পারছেন না তিনি।
রাজ আরও জানান, চুক্তির ৪(১১) নম্বর ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় সিনেমাটির মুক্তি ও শুটিংয়ের শিডিউল নিয়ে উল্লেখ রয়েছে। তবে সেখানে মুক্তির কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তিনিও আইনিভাবে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সান নিউজ / সুরাইয়া
